স্ত্রীর সম্মান বাঁচাতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী
- আপলোডের সময় : Friday, August 14, 2026,

স্ত্রীর সম্মান বাঁচাতে ডাকাতদের সঙ্গে লড়াই, গুলিবিদ্ধ স্বামী
পটুয়াখালীর কলাপাড়ায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের বাধা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন প্রবাসীর ছেলে নাইম (২২)। এ সময় পরিবারের সদস্যদের মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে ডাকাত দল।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—নাইম (২২), তার স্ত্রী রেজবি (১৮) এবং মা রুমা বেগম (৪০)। তাদের উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ভুক্তভোগী রুমা বেগম জানান, তার স্বামী মাহিন মালয়েশিয়ায় অবস্থান করছেন। ঘটনার রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫-৬ জন ডাকাত ঘরের দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় বাইরে আরও কয়েকজন ডাকাত অবস্থান করছিল।
তিনি অভিযোগ করেন, ডাকাতরা ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর শুরু করে এবং তার পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নাইম বাধা দিলে ডাকাতরা তার হাঁটুর ওপরে গুলি করে।
রুমা বেগম আরও বলেন, ডাকাতরা পরিবারের দুই বছর বয়সী শিশু তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। পরে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ২ লাখ টাকা এবং একটি আইফোন লুট করে পালিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ডাকাতি ও গুলিবর্ষণের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।










