সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

সৌদি আরবে অগ্নিকাণ্ডে আত্রাইয়ের নিহত ৭ প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন
মোঃ আব্দুস ছালাম
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টায় আত্রাই উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে নিহতদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হলে নিজ নিজ পারিবারিক গোরস্থানে তাঁদের দাফন সম্পন্ন করা হয়।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নিহত সাত প্রবাসীর মরদেহ বহনকারী গাড়ি আত্রাইয়ে পৌঁছে। শুক্রবার সকালে কফিনগুলো কলেজ মাঠে আনা হলে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। শেষবারের মতো প্রিয়জনদের দেখতে স্থানীয় শত শত মানুষ কলেজ মাঠে জড়ো হন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানাজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য মো. খবিরুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সকাল সাড়ে ৯টার দিকে কফিনবাহী লাশবাহী গাড়িগুলো কলেজ মাঠে প্রবেশ করলে সেখানে শোকের আবহ তৈরি হয়। কফিন একনজর দেখতে ও শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন স্বজন ও এলাকাবাসী।
অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু
উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২৬ সন্ধ্যার দিকে সৌদি আরবের রিয়াদ শহরের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৬ জন বাংলাদেশি নিহত হন। তাঁদের মধ্যে ১১ জনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
ঘটনার পর নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেয়। সৌদি সরকারের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নয়জনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
নিহত সাতজনের পরিচয়
আত্রাইয়ে যেসব সাতজনের মরদেহ পৌঁছেছে, তাঁরা হলেন—
- পাঁচুপুর ইউনিয়নের পারকাসুন্দা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল সরদার (৪৫)।
- বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের বাদল হোসেনের ছেলে সোহেল রানা সুমন (২৫)।
- কালিকাপুর ইউনিয়নের গণ্ডগোহালী গ্রামের গফফার রহমানের দুই ছেলে মোহন আলী (৩০) ও সুমন (২৭)।
- একই গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল হোসেন (৩১)।
- বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন (২৮)।
- শাহাগোলা ইউনিয়নের উদনপৈ গ্রামের ময়েণ শেখের ছেলে ফরিদ শেখ (৩৫)।
প্রশাসনের বক্তব্য
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, নিহত আত্রাইয়ের ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে এসেছে এবং তাঁদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বাকি মরদেহগুলোর আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় দেশে ফিরতে কিছুটা সময় লাগছে। নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তাঁদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে। সরকারের ঘোষিত আর্থিক সহায়তা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। বাকি মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, তাঁর নির্বাচনী এলাকার ১১ জন রেমিট্যান্সযোদ্ধার অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সহযোগিতায় সাতজনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। বাকি মরদেহগুলোও দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।










