সেপ্টেম্বরে ২৪ ডলারের বেশি দরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

সেপ্টেম্বরে ২৪ ডলারের বেশি দরে ২ কার্গো এলএনজি কেনার অনুমোদন
চলতি বছরের সেপ্টেম্বরে ২৪ ডলারের বেশি দরে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, দক্ষিণ কোরিয়ার বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠান পোসকো ইন্টারন্যাশনাল করপোরেশনের কাছ থেকে ১৩-১৪ সেপ্টেম্বরের মধ্যে এক কার্গো এলএনজি কেনা হবে। প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৪ দশমিক ৬২৫ ডলার।
এ ছাড়া ২৩-২৪ সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে আরও এক কার্গো এলএনজি কেনা হবে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউর দাম পড়বে ২৪ দশমিক ২৫ ডলার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আন্তর্জাতিক কোটেশন আহ্বান বা আরএফকিউ প্রক্রিয়ায় সরকারি ক্রয়-বিধিমালা-২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুযায়ী প্রস্তাবটি কমিটির কাছে উপস্থাপন করে। ক্রয়প্রক্রিয়া এবং সুপারিশ করা দরদাতাদের প্রস্তাব পর্যালোচনার পর তা অনুমোদন দেওয়া হয়।
বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতে গ্যাসের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলাদেশ আমদানি করা এলএনজির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বর মাসের জন্য আরও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন দিল সরকার।










