সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
‘জিয়াউর রহমান দেশে প্রথম উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠা করেন’
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নের রাজনীতির সূচনা করেছিলেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিলেট জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়াউর রহমান একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক ও ঐতিহাসিক ভূমিকার সূচনা হয়। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তাঁর আহ্বানে ছাত্র-জনতা মুক্তিযুদ্ধে অংশ নেয়।
তিনি আরও বলেন, ১৯৭৫ সালের রাজনৈতিক সংকটের পর ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে মেজর জিয়াউর রহমান দেশকে সংকট থেকে রক্ষা করেন। পরবর্তী সময়ে তিনি বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা এবং দেশের উন্নয়নের রাজনীতিকে এগিয়ে নেন।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শহীদ জিয়াউর রহমানের হাত ধরেই তাঁর রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হওয়াকে তিনি জীবনের অন্যতম সঠিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।
সভায় প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এমন এক সময়ে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, যখন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নানা আশঙ্কা ছিল।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর স্বল্প সময়ের মধ্যে জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার উদ্যোগ নেন। কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে তাঁর সময়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়। পাশাপাশি তাঁর পররাষ্ট্রনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হয় বলে তিনি দাবি করেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শহীদ জিয়াউর রহমানের অনুসারী হিসেবে তাঁর আদর্শ ও মর্যাদা সমুন্নত রেখে মানুষের জন্য কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও বড় চ্যালেঞ্জ গ্রহণ করে দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
স্বাগত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিএনপির নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। দেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দিচ্ছেন।
সিলেটের উন্নয়ন প্রসঙ্গে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট সিটি করপোরেশনসহ পুরো সিলেটের উন্নয়ন ও অগ্রগতিকে আরও গতিশীল করতে তারা কাজ করবেন এবং মানুষের প্রত্যাশা পূরণে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণবিষয়ক সহসম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে কেক কেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন প্রধান অতিথি, প্রধান বক্তাসহ উপস্থিত অতিথি ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।










