সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩
সিলেট প্রতিনিধি
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাত যাত্রী নিহত হন। গুরুতর আহত এক শিশুকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৮ জনে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ এবং স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ১৩ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
ওসি আনিসুর রহমান জানান, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ভোরে বগুড়া-নওগাঁ মহাসড়কে পৃথক এক সড়ক দুর্ঘটনায় আরও ৬ জন নিহত হন এবং অন্তত ১৫ জন আহত হন। একই দিনে দেশের দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোট ১৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।










