সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র্যালি অনুষ্ঠিত
- আপলোডের সময় : Thursday, August 27, 2026,

সিলেটে তালামীযে ইসলামিয়ার মীলাদুন্নবী (সা.) র্যালি অনুষ্ঠিত
শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ ধারণের আহ্বান
শাহ তাহসিন, বিশেষ প্রতিনিধি, স্টাফ রিপোর্টার
সিলেট নগরীতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘মুবারক র্যালি’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালি বাস্তবায়ন কমিটি, সিলেটের উদ্যোগে এ র্যালি অনুষ্ঠিত হয়।
সকাল থেকেই সিলেটের সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে বিভাগের বিভিন্ন এলাকা থেকে ছাত্র-জনতা সমবেত হন। সকাল ১০টা থেকে যোহরের আগ পর্যন্ত সেখানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অতিথিরা।
বাদ যোহর র্যালিটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে মহানবী (সা.)-এর শানে রচিত বিভিন্ন কবিতার শ্লোক সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন নাত ও প্রশংসাগীতি পরিবেশন করেন।
র্যালিপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দূত হিসেবে পৃথিবীতে শান্তি, ন্যায়, ভ্রাতৃত্ব ও মানবিকতার বার্তা প্রতিষ্ঠা করেছেন। সততা, ন্যায়বিচার, পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, বিনয় এবং অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি একটি আদর্শ সমাজ গড়ে তুলেছিলেন।
বক্তারা বলেন, সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করতে হবে। তাঁর জীবন ও শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামী বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। প্রধান বক্তা ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন।
র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আরিফ হোসাইন সামাদের পরিচালনায় অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক, আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
র্যালি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক কুতুব আল ফরহাদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে সংগঠনের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও মহানগর শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এদিকে র্যালি সফল করতে সহযোগিতা করায় সর্বস্তরের সিলেটবাসী, প্রশাসন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন র্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মারুফ আহমদ ও সদস্য সচিব আরিফ হোসাইন সামাদ।
র্যালির কারণে নগরবাসীর যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় তারা আন্তরিক দুঃখ প্রকাশ করেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।