
সালথায় বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, বসতঘর ভস্মীভূত
ফরিদপুরের সালথা উপজেলায় বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার রাত ১০টার দিকে আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বোস বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ব্রিটিশ আমলে নির্মিত টিনশেড ঘর, শত বছরের পুরোনো আসবাবপত্র এবং কালী মন্দিরের মূল্যবান সামগ্রী ধ্বংস হয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বিভিন্ন অফিসে ফোন করতে গিয়ে সময় নষ্ট হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস প্রায় ৫০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে। স্থানীয়রা প্রায় ১০ লাখ টাকার ক্ষতির দাবি করলেও ফায়ার সার্ভিস বলছে, প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। বিদ্যুৎ বিভাগের এজিএম জানিয়েছেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।