সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আটক ১
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আটক ১
মোঃ মেহেদী হাসান, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় প্রায় ২০ লিটার দেশীয় মদসহ আবুল শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড়খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল শেখ সালথা উপজেলার উথুলী গ্রামের মৃত পাচ্চু শেখের ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাত পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্ট তামিলের জন্য সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খানের দিকনির্দেশনায় এবং এএসআই মুকুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল বড়খারদিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ব্যবসায়ী সুজন ওরফে সুজাতের বাড়িতে দেশীয় মদ ক্রয়-বিক্রয় ও সেবন করা হচ্ছে।
পরে পুলিশ সুজাতের বাড়িতে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান। তবে ঘটনাস্থলে মাদক সেবনরত অবস্থায় আবুল শেখকে আটক করা হয়।
অভিযানে ৭৫০ মিলিলিটার ধারণক্ষমতার ১০টি বোতলে মদ, ৮ লিটারের একটি কন্টেইনারে প্রায় ৭ লিটার এবং ৫ লিটারের আরেকটি কন্টেইনারে প্রায় সাড়ে ৪ লিটার খোলা দেশীয় মদ উদ্ধার করা হয়। সব মিলিয়ে প্রায় ১৯ থেকে ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি খালি ড্রাম ও বেশ কিছু খালি মদের বোতলও জব্দ করা হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২০ লিটার দেশীয় মদসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।










