
ওবায়দুর রহমান
আমার সকাল ২৪ বিশেষ প্রতিনিধি, ফরিদপুর
ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে এক গৃহবধূ ও এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে মর্মান্তিক এ দুটি ঘটনা ঘটে।
নিহতরা হলেন পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী সরস্বতী মণ্ডল (৪২) এবং সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে সাকিবা আক্তার (৩)।
নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে বাড়ির পাশে প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে ফেরার সময় অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন সরস্বতী মণ্ডল। এ সময় গর্তে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
অপরদিকে, নিহত শিশু সাকিবার স্বজন ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে বাড়ির আঙিনায় খেলছিল সাকিবা। খেলার সময় সে একটি ইঁদুরের গর্তে হাত দিলে ভেতরে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। পরে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান। তবে দ্রুত শিশুটির অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৃহবধূ ও শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন, বর্ষাকালে পানি বৃদ্ধির কারণে এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। সবাইকে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে। সাপের কামড় বা যেকোনো শারীরিক সমস্যার ক্ষেত্রে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি।
এ সময় তিনি সাপের কামড়ে নিহত দুই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।