
শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক
সিলেটের ওসমানীনগর উপজেলার পরিচিত মুখ, জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম “মায়ার টিভি”-এর পরিচালক ও জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক হারুনুর রশিদ আর নেই। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছিলেন হারুনুর রশিদ। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সাহসী ভূমিকার জন্য তিনি স্থানীয়ভাবে ব্যাপকভাবে সমাদৃত ছিলেন। মানবিক গুণাবলিতে সমৃদ্ধ এই সংবাদকর্মী ছিলেন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে জনসচেতনতামূলক ও ইতিবাচক কনটেন্ট উপস্থাপনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেন।
তাঁর মৃত্যুতে ওসমানীনগরবাসী হারিয়েছে একজন সৎ ও দক্ষ সাংবাদিককে। স্থানীয় সাংবাদিক মহলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানানো হয়েছে গভীর সমবেদনা। তাঁর জানাজার নামাজ আজ শুক্রবার (১ মে ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিটে তাজপুর কদমতলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।