সম্মিলিত প্রচেষ্টায় আমরা উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

সম্মিলিত প্রচেষ্টায় আমরা উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
আল আমিন সুমন আহমদ, সিলেট প্রতিনিধি
সিলেট নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করতে ব্যাপকভাবে ড্রেন নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আম্বরখানা পয়েন্ট থেকে দর্শন দেউড়ি হয়ে সুবিদবাজার পর্যন্ত বড় পরিসরে ড্রেন নির্মাণ করা হচ্ছে। এটি বাস্তবায়ন হলে তিনটি ওয়ার্ডের পানি নিষ্কাশন ব্যবস্থা আরও সহজ হবে।
শনিবার (২২ আগস্ট) বিকেলে আম্বরখানা থেকে দর্শন দেউড়ি আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, শনিবার ছুটির দিন হলেও নগরীর উন্নয়নকাজ এগিয়ে নিতে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা কাজ করছেন। নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় একযোগে ড্রেন নির্মাণের কাজ চলছে।
তিনি বলেন, সেপ্টেম্বর থেকে বৃষ্টিপাত কমে আসবে। তাই শুষ্ক মৌসুমকে কাজে লাগিয়ে সড়ক ও ড্রেন নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বর্ষা মৌসুমে এসব কাজ করা কঠিন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে কাজে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আম্বরখানা থেকে দর্শন দেউড়ি পর্যন্ত ড্রেন নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ড্রেনটি নির্মাণ হলে তিনটি ওয়ার্ডের পানি নিষ্কাশন সহজ হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে নগরীর আরও বিভিন্ন এলাকায় ড্রেন নির্মাণ করা হবে।
তিনি আরও জানান, দর্শন দেউড়ি–দরগাহ–পুলিশ লাইন সড়কের উন্নয়নকাজও শুরু করা হবে। এরই মধ্যে এ কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে। সড়ক ও ড্রেনের উন্নয়ন হলে নগরবাসীর চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
সিসিক প্রশাসক বলেন, নগরীর পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি কোনো রাস্তাঘাট যেন দীর্ঘদিন ভাঙা অবস্থায় পড়ে না থাকে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
নগরীর উন্নয়নকাজে বাসিন্দাদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, সুন্দর ও আধুনিক নগর গড়তে সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীকেও সহযোগিতা করতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিলেট নগরীর সড়ক, ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে।
পরিদর্শনকালে সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী খাদেমুল মুরসালিন খিয়াম, উপসহকারী প্রকৌশলী দেবব্রত দাশ তালুকদার, ঠিকাদার মোহাম্মদ আব্দুল মুমিন মামুন, কার্যসহকারী মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।









