সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

সন্তানের জীবন বাঁচাতে নিজের লিভারের অংশ দিতে চান মা, চিকিৎসায় প্রয়োজন ৭০ লাখ টাকা
ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ প্রতিনিধি
মায়ের চোখে জল, বুকভরা আকুতি—সন্তানকে বাঁচাতে চান তিনি। মাত্র ৪ মাস ৬ দিনের শিশু ফুয়াদ জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে লিভার প্রতিস্থাপন প্রয়োজন। সন্তানের জীবন রক্ষায় নিজের লিভারের অংশ দিতে প্রস্তুত মা ভূবন আক্তার বীথি।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের শিশু ফুয়াদের শরীরে সম্প্রতি ‘বিলিয়ারি অ্যাট্রেসিয়া’ রোগ শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে তার অস্ত্রোপচার করা হলেও কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি বলে জানিয়েছে পরিবার। বর্তমানে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, ফুয়াদের শরীর ও চোখ হলুদ হয়ে গেছে এবং পেটও ধীরে ধীরে ফুলে উঠছে। চিকিৎসকেরা তাকে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এজন্য শিশুটিকে ভারতের চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করাতে হতে পারে। সেখানে চিকিৎসা ও লিভার প্রতিস্থাপনে আনুমানিক ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রয়োজন হতে পারে বলে পরিবার জানিয়েছে।
এত বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। সন্তানের চিকিৎসার জন্য ইতোমধ্যে ঋণ নেওয়া ও জমি বন্ধক রেখে পাওয়া অর্থের বড় অংশ ব্যয় হয়েছে। নতুন করে এত টাকা সংগ্রহ করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
বর্তমানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পেডিয়াট্রিক সার্জারি ও পেডিয়াট্রিক ইউরোলজি বিশেষজ্ঞ মো. সামিউল হাসানের তত্ত্বাবধানে ফুয়াদের চিকিৎসা চলছে।
ফুয়াদের বাবা আব্দুল্লাহ আল মামুন হৃদয় পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের কোষাকান্দা গ্রামের বর্গাচাষি মো. রতন মিয়ার ছেলে। পরিবারের আর্থিক সংকট দূর করতে সাত মাস আগে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছেন। এর আগে দেশে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
ফুয়াদের মা ভূবন আক্তার বীথি শেরপুর সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। একদিকে সন্তানের অসুস্থতা, অন্যদিকে চিকিৎসার বিপুল ব্যয়—সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তার।
সন্তানকে বাঁচাতে সহায়তার আকুতি জানিয়ে ভূবন আক্তার বীথি বলেন, “সন্তানকে বাঁচাতে আমি নিজের লিভারের অংশ দিতে চাই। চিকিৎসকেরা বলেছেন, লিভার প্রতিস্থাপন করতে হবে। কিন্তু এত টাকা আমাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। সবাই সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করলে হয়তো আমার সন্তানকে বাঁচাতে পারব।”
পরিবারের পক্ষ থেকে ফুয়াদের চিকিৎসায় সহায়তার জন্য সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে সহযোগিতার আবেদন জানানো হয়েছে।
সাহায্য পাঠানোর মাধ্যম
নাম: মোছা. ভূবন আক্তার বীথি
ব্যাংক: সোনালী ব্যাংক পিএলসি
শাখা: সূর্যদী বাজার, শেরপুর
সঞ্চয়ী হিসাব নম্বর: ৬২০৮৩০১০১২২৯৪
বিকাশ (পার্সোনাল): ০১৯৪৮০৮৭০৩৬
নগদ ও রকেট: ০১৩৫১০২৮২৭৭










