সংক্রমণ রোধে কলেরার টিকাদান শুরু
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

সংক্রমণ রোধে কলেরার টিকাদান শুরু
কলেরা সংক্রমণ প্রতিরোধে মুখে খাওয়ার কলেরা টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি থানা এবং কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার ১৪টি উপজেলা ও থানায় শনিবার (২২ আগস্ট) থেকে এ টিকা দেওয়া শুরু হয়েছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এতে গ্যাভি, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), আইএফআরসি, আইসিডিডিআর,বি ও অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা সহায়তা করছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা এ টিকা নিতে পারবেন। তবে অন্তঃসত্ত্বা নারীরা এই টিকা নিতে পারবেন না। কর্মসূচির আওতায় ৫১ লাখের বেশি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
যেসব এলাকায় টিকা দেওয়া হচ্ছে
মুন্সীগঞ্জ সদর, নারায়ণগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলায় টিকাদান চলছে।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের লালবাগ, গেন্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানা এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকায় এ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
রোগ নিয়ন্ত্রণ শাখা জানিয়েছে, ওরাল কলেরা ভ্যাকসিনের প্রথম ডোজ ২২ আগস্ট থেকে দেওয়া হচ্ছে। দ্বিতীয় ডোজ দেওয়া হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। উপযুক্ত প্রত্যেক ব্যক্তিকে কলেরা থেকে সুরক্ষার জন্য দুই ডোজ টিকা গ্রহণ করতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, উচ্চ ও অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরাজনিত অসুস্থতা ও মৃত্যু কমাতে সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির সফলতার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি স্বাস্থ্যকর্মী, স্থানীয় কর্তৃপক্ষ, স্বেচ্ছাসেবক, কমিউনিটি নেতা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
নিবন্ধন যেভাবে
মুখে খাওয়ার কলেরার টিকা নিতে উপযুক্ত নাগরিকদের VaxEPI ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও প্রয়োজনীয় তথ্য পূরণ করা যাবে। নিবন্ধনের মাধ্যমে নাগরিকরা ন্যাশনাল হেলথ আইডি কার্ড তৈরি করতে পারবেন, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে।
কলেরা প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি, স্যানিটেশন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য পরিবারের সবাইকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।










