
জুয়েল রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কৃত হওয়ার পর এক বিএনপি কর্মী দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং দক্ষিণ ধনয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে চিরতরে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এর আগে, গত ২৯ জুলাই শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব এবং সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহবুব আলমকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি অভিযোগ করেন, মাহবুব আলম দলের নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, দখলবাজি এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয় এবং পরে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজীবনের জন্য বহিষ্কার করা হয়।
মাহবুব আলম বলেন, তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেবেন না।