শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

শাহজাদপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মো. মনির হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকালে উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং, যানজট, বাজার ব্যবস্থাপনা এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানা, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুরাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, শাহজাদপুরের শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নিজ নিজ অবস্থান থেকে আরও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়। পাশাপাশি জনগণের অভিযোগ ও সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ ও কার্যকর নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করে সভা শেষ হয়।










