শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

শাহজাদপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২, পলাতক ১
মো. মনির হোসেন
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও ১৬ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ। এ সময় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত আরও একজন কৌশলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো. আজিজুল হক সঙ্গীয় ফোর্সসহ ১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দ্বারিয়াপুর হালুয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মো. নূরণবীর (২৮) বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও নগদ ৭৭৫ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার নূরণবী সিরাজগঞ্জের শাহজাদপুর থানার দ্বারিয়াপুর হালুয়াঘাট গ্রামের মৃত মহির শেখের ছেলে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
অপরদিকে, ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় শাহজাদপুর থানার এসআই (নিঃ) মো. মমতাজ আলীর নেতৃত্বে পারকোলা এলাকায় অপর একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। পারকোলা গ্রামের একটি চায়ের দোকানের পাশে ইয়াবা কেনাবেচার সময় মো. শফিকুল মণ্ডল (৩৬) নামে একজনকে ১৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১ দশমিক ৬ গ্রাম।
শফিকুল পারকোলা পশ্চিমপাড়া গ্রামের মো. মামুত মণ্ডলের ছেলে। পুলিশ জানায়, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. রইচ উদ্দিন (৩৫) নামে অপর এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। শফিকুল পুলিশকে জানিয়েছেন, তিনি পলাতক রইচ উদ্দিনের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করে আসছিলেন।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় শাহজাদপুরকে মাদকমুক্ত করতে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নিয়মিত টহল ডিউটিও চলমান থাকবে।
তিনি আরও জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক রইচ উদ্দিনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।