শাহজাদপুরে কে এম সাইদুল ইসলাম সিকোর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

শাহজাদপুরে কে এম সাইদুল ইসলাম সিকোর ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত
মোঃ শরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি ছাত্রনেতা, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা মরহুম কে এম সাইদুল ইসলাম সিকোর ২৭তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৬) শাহজাদপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা মরহুম কে এম সাইদুল ইসলাম সিকোর রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড স্মরণ করেন। তারা বলেন, সিকো ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও একজন জনপ্রিয় ছাত্রনেতা। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শাহজাদপুর বিএনপির দলীয় কার্যালয়ে তিনি নিহত হন। তার আত্মত্যাগ শাহজাদপুরের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মরহুমের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও দলের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।
আলোচনায় বক্তারা বলেন, ‘সিকো ভাই ছিলেন গণমানুষের নেতা। তিনি অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন।’ তার আদর্শ অনুসরণ করে শাহজাদপুর বিএনপিকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কে এম সাইদুল ইসলাম সিকো হত্যার সুষ্ঠু বিচার এবং তার রাজনৈতিক আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শাহজাদপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী, মরহুমের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।










