
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের লক্ষ্য ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফভিত্তিক ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ গড়ে তোলা, তবে সেই লক্ষ্য এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। তিনি ৫ আগস্টকে বাংলাদেশের ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ডা. শফিকুর রহমান দাবি করেন, আন্দোলনে বিপুলসংখ্যক মানুষ নিহত ও আহত হয়েছেন এবং তাদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা দিতে হলে বৈষম্যহীন, পূর্ণাঙ্গ গণতন্ত্র, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, একটি মহলের কারণে আন্দোলনের প্রত্যাশিত লক্ষ্য পূরণ হয়নি বলে তার দল মনে করে। বার্তার শেষে তিনি দেশবাসীর প্রতি বিভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ, মানবিক ও সার্বভৌম বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।