লালমনিরহাটে এতিমের বসতঘর দখলের অভিযোগ চাচার বিরুদ্ধে
- আপলোডের সময় : Tuesday, September 15, 2026,

লালমনিরহাটে এতিমের বসতঘর দখলের অভিযোগ চাচার বিরুদ্ধে
মোঃ রেজাউল করিম
বিশেষ প্রতিনিধি, আমার সকাল ২৪
লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার দুরাকুটি কলোনীতে এক অসহায় নারীর পৈতৃক জমি ও বসতঘর জবরদখলের অভিযোগ উঠেছে তার আপন চাচা নুরজামালের বিরুদ্ধে। ঘর থেকে বিতাড়িত হয়ে বর্তমানে ওই নারী কখনো নানির বাড়ি, আবার কখনো ফুপুর বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুরাকুটি কলোনীতে মৃত আসান আলীর বরাদ্দকৃত দুই একর জমি উত্তরাধিকার সূত্রে তার চার ছেলে ৩৮ শতাংশ করে পান। তার মেঝো ছেলে আনোয়ার হোসেন মানসিকভাবে অসুস্থ হওয়ায় তার স্ত্রী ফেলানি তাকে তালাক দিয়ে অন্যত্র চলে যান। তাদের একমাত্র কন্যা আছিয়া বেগম অসহায় অবস্থায় জীবনযাপন করছিলেন।
স্থানীয়দের দাবি, একপর্যায়ে সাবেক পুলিশ সুপার তরিকুল ইসলামের উদ্যোগে আনোয়ার হোসেনের বেদখল পৈতৃক জমি উদ্ধার করা হয়। জমিটি যাতে পুনরায় দখল না হয়, সে জন্য পুলিশ সুপার ডিএসবির মাধ্যমে ছয় মাস তদারকির ব্যবস্থা করেন বলেও স্থানীয়রা জানান।
পরে সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুরুল আলমের তত্ত্বাবধানে স্থানীয় ব্যবসায়ী, ভাটা মালিক ও গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় ইট, বালু, সিমেন্ট, টিন ও অর্থ সংগ্রহ করে ওই জমিতে একটি বসতঘর নির্মাণ করা হয়। এরপর আনোয়ার হোসেনের কন্যা আছিয়া বেগমকে সেখানে বসবাসের ব্যবস্থা করে দেওয়া হয়।
তবে কিছুদিন আগে নানার বাড়িতে থাকা অবস্থায় আছিয়া বেগমের চাচা নুরজামাল তার বসতঘর দখল করে নেন বলে অভিযোগ উঠেছে। তাকে ঘর থেকে বের করে দেওয়ার পর থেকে তিনি সেখানে ফিরতে পারছেন না।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, জমিটি উত্তরাধিকার সূত্রে আনোয়ার হোসেনের। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় এলাকাবাসী ও সাবেক পুলিশ সুপারের সহযোগিতায় জমিটি উদ্ধার করা হয়েছিল। পরে এলাকাবাসীর সহযোগিতায় আছিয়ার জন্য সেখানে একটি ঘর নির্মাণ করা হয়। কিন্তু আনোয়ার হোসেনের অসুস্থতার সুযোগ নিয়ে তার ভাই নুরজামাল আছিয়াকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরটি দখল করেছেন বলে তিনি দাবি করেন।
দুরাকুটি কলোনীর বাসিন্দা নাসিমা বেগম বলেন, আছিয়ার বাবা মানসিকভাবে অসুস্থ এবং মা অন্যত্র চলে যাওয়ায় মেয়েটি দীর্ঘদিন মানুষের বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করত। এলাকাবাসীর সহযোগিতায় তার জন্য একটি বসতঘর নির্মাণ করা হয়েছিল। কিন্তু তার চাচা তাকে ঘর থেকে বের করে দিয়ে সেটি দখল করে নিয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
ভুক্তভোগী আছিয়া বেগম বলেন, তার মা নেই এবং বাবা মানসিকভাবে অসুস্থ। তার অসহায়ত্বের কথা জানতে পেরে এলাকাবাসী ও সাবেক পুলিশ সুপারের সহযোগিতায় বাবার জমি উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীর সহায়তায় সেখানে তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করা হয়। কিন্তু চাচা নুরজামাল ও চাচি তাকে বাড়ি থেকে বের করে দিয়ে বসতঘরটি দখল করে নিয়েছেন। বর্তমানে তিনি অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন। তিনি তার বসতঘর ফিরিয়ে দেওয়ার দাবি জানান।
সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মঞ্জুরুল আলম বলেন, আনোয়ার হোসেন মানসিকভাবে অসুস্থ। তার মেয়ের জন্য সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় আনোয়ার হোসেনের জমিতে একটি বসতঘর নির্মাণ করা হয়েছিল। ওই ঘর তার ভাই নুরজামাল জোর করে দখল করে নিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। আছিয়ার ঘর ফিরিয়ে দিতে আইনি সহায়তাসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
এলাকাবাসী আছিয়ার বসতঘর উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, অসহায় আছিয়ার পাশে থেকে তার বসতঘর ফিরিয়ে দিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।