রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুললেন গাজী সালাহউদ্দিন তানভীর
- আপলোডের সময় : Friday, September 25, 2026,

রিমান্ডে নির্যাতনের অভিযোগ তুললেন গাজী সালাহউদ্দিন তানভীর
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া গাজী সালাহউদ্দিন তানভীর রিমান্ড ও কারা হেফাজতে থাকাকালে শারীরিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। তানভীরের দাবি, নির্যাতনের বিষয়টি বাইরে প্রকাশ করলে তার পরিবারের সদস্যদের গুম করার হুমকি দেওয়া হয়েছিল। রিমান্ডে তাকে বিভিন্নভাবে হেনস্তা করা এবং শেখ হাসিনাকে কেন ক্ষমতা থেকে সরানো হয়েছে—এমন প্রশ্ন তুলে নির্যাতন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
তানভীর আরও অভিযোগ করেন, তাকে চিকিৎসার নামে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। এর ফলে বর্তমানে তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না বলে দাবি করেন। তার অভিযোগের বিষয়ে স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
এর আগে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের মামলায় গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মনিপুরীপাড়ার একটি ভাড়া বাসা থেকে গাজী সালাহউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে বগুড়া ডিবি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পরে অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান গাজী সালাহউদ্দিন তানভীর। তার ওপর নির্যাতনের অভিযোগ নিয়ে এর আগে বিভিন্ন রাজনৈতিক পক্ষ স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।