রায়পুরে নিয়মিত খোলে ফিটনেস ক্লাব, সপ্তাহজুড়ে বন্ধ পাবলিক লাইব্রেরি
- আপলোডের সময় : Thursday, September 3, 2026,

রায়পুরে নিয়মিত খোলে ফিটনেস ক্লাব, সপ্তাহজুড়ে বন্ধ পাবলিক লাইব্রেরি
আব্দুল আহাদ, রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে পাশাপাশি অবস্থিত পাবলিক লাইব্রেরি ও ফিটনেস ক্লাবের কার্যক্রমে দেখা দিয়েছে ভিন্ন চিত্র। ফিটনেস ক্লাব নিয়মিত খোলা থাকলেও পাবলিক লাইব্রেরিটি সপ্তাহের সাত দিনই বন্ধ থাকার অভিযোগ উঠেছে। এতে বই পড়তে আগ্রহী শিক্ষার্থী, চাকরিপ্রার্থী ও সাধারণ পাঠকেরা লাইব্রেরির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় পাঠক ও সচেতন মহলের অভিযোগ, জ্ঞানচর্চার সুযোগ তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত পাবলিক লাইব্রেরিটি নিয়মিত বন্ধ থাকায় এর মূল কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই স্থানে ফিটনেস ক্লাব নিয়মিত চালু থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের দাবি, নির্ধারিত সময়সূচি অনুযায়ী লাইব্রেরিটি নিয়মিত খুলে পাঠকদের জন্য উন্মুক্ত করা প্রয়োজন। পাশাপাশি পর্যাপ্ত বই, সংবাদপত্র ও পাঠবান্ধব পরিবেশ নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাওসার বলেন, “সরকারি লাইব্রেরির জন্য স্টাফ নেই। আমরা ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্টাফ নিয়ে লাইব্রেরিটি নিয়মিত খোলার ব্যবস্থা করব।”
কর্তৃপক্ষের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন বন্ধ থাকা লাইব্রেরিটি আবারও শিক্ষার্থী ও সাধারণ পাঠকদের জ্ঞানচর্চার সুযোগ করে দেবে বলে আশা করছেন স্থানীয়রা।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।