রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সৎ শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে মানববন্ধন
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: সৎ শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগে মানববন্ধন
আব্দুল আহাদ
রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ তানিয়া আক্তার (২৫)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সৎ শাশুড়ি রুবিনা বেগমের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রায়পুর থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে নিহত তানিয়ার স্বজন, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কলাকোপা গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পারিবারিক কলহের জেরে সৎ শাশুড়ি রুবিনা বেগম তানিয়াকে পিটিয়ে হত্যা করেছেন। ঘটনার পর বিষয়টিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার চেষ্টা করা হলেও তানিয়ার শরীরে আঘাতের চিহ্ন ছিল বলে তারা দাবি করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, শুরুতে পুলিশ ঘটনাটিকে গুরুত্ব দিয়ে তদন্ত করেনি। নিহতের মা আনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি চাই।”
বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা পুলিশ প্রশাসনের কাছে দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে রায়পুর থানা পুলিশ জানায়, অভিযুক্ত শাশুড়িকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ উদঘাটন করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।









