রায়পুরে গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

রায়পুরে গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের
আব্দুল আহাদ
রায়পুর উপজেলা প্রতিনিধি
লক্ষ্মীপুরের রায়পুরে গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মাহিন নামে এক নববিবাহিত কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) রাতে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের বকুলতলা এলাকায় বেড়ির মাথা-মোল্লারহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহিন রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার সঙ্গে লক্ষ্মীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিফতাহর বিয়ে হয়েছিল। স্থানীয়দের ভাষ্য, দুজনের বয়স ১৪-১৫ বছর হওয়ায় আনুষ্ঠানিকতার আগেই চুপিসারে তাদের বিয়ে সম্পন্ন করা হয়েছিল। তবে কনে তখনও বরের বাড়িতে যাননি।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাতে কনের বাড়িতে বর্ণাঢ্য আয়োজনে গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে বর মাহিনও অংশ নেন। পরে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।
নিহত মাহিনের এলাকার বাসিন্দা হুমায়ুন কবির বলেন, গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কিশোরটি মারা যায়। দুদিন আগেই তার বিয়ে হয়েছিল। আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনের বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হয়। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। পরে তার দাফন সম্পন্ন হয়েছে।
কনের মামা জাহেদুন সোহেল বলেন, শনিবার রাতে তার ভাগনির গায়ে হলুদের আয়োজন ছিল। সেখানে বরও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। রোববার তাদের বৌ-ভাতের আয়োজন ছিল।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর কনের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। বৌ-ভাতের জন্য আনা রান্নার হাড়ি-পাতিল পড়ে রয়েছে এলোমেলো অবস্থায়। অতিথিদের বসানোর জন্য আনা চেয়ারগুলোও আর সাজানো হয়নি। বরের জন্য নির্ধারিত স্থানটিও পড়ে ছিল খালি।
কনের মামা জানান, আনন্দের গায়ে হলুদের রাত শেষ হতে না হতেই দুই পরিবারে নেমে এসেছে শোকের মাতম। এক পরিবার হারিয়েছে সন্তানকে, আর অন্য পরিবারে সদ্য বিবাহিত কিশোরী হারিয়েছেন স্বামীকে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর শুনেছেন। তবে মরদেহ কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। দুর্ঘটনার বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।










