রায়পুরে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বাস্থ্যসেবায় নতুন আশার বার্তা
- আপলোডের সময় : Friday, August 7, 2026,

রায়পুরে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প, স্বাস্থ্যসেবায় নতুন আশার বার্তা
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১ নম্বর উত্তর চর আবাবিল ইউনিয়নের পশ্চিম চর আবাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আমানুল্লাহ আমান হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ এবং সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মৎ তাহেরা আক্তার, সহকারী শিক্ষক মো. সাইফুল ইসলাম, হাসপাতালের পরিচালক সৌরভ, মেডিকেল টেকনোলজিস্ট মো. ফজলে রাব্বিসহ শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রক্তের গ্রুপ জানা জরুরি চিকিৎসাসেবা ও রক্তদানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ভিত্তিক এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম শিশুদের স্বাস্থ্যসচেতন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়রা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।
প্রতিবেদক: আব্দুল আহাদ, রায়পুর উপজেলা প্রতিনিধি









