রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
- আপলোডের সময় : Friday, October 2, 2026,

রাজশাহী রেলস্টেশনে হামলাকারীরা রাষ্ট্রের শত্রু: ভূমিমন্ত্রী
মোঃ শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, রাজশাহী
রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। একই সঙ্গে বিভ্রান্তিকর বা ভুয়া তথ্য ছড়ানো ব্যক্তিদের ‘রাজশাহী ও রাষ্ট্রের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন রাজশাহীবাসীর মর্যাদা ও ঐতিহ্যের প্রতীক। এ স্থাপনায় ভাঙচুরের মাধ্যমে রাজশাহীবাসীর সম্মান ও মর্যাদায় আঘাত করা হয়েছে। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, স্টেশনে ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ভূমিমন্ত্রী আরও বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নির্যাতন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার প্রসঙ্গও তিনি উল্লেখ করেন। তার দাবি, ওই সময়ের হামলার মতো একই কায়দায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালানো হয়েছে।
এ সময় তিনি রাজশাহীবাসীকে ধৈর্য ও সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি বিভ্রান্তিকর বা ভুয়া বক্তব্য ছড়ানোর অভিযোগে জড়িতদের প্রযুক্তি ও অনুসন্ধানের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার কথা বলেন।
পরিদর্শনকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।