
রাজশাহীর পুঠিয়া উপজেলা-এ সড়ক দুর্ঘটনায় আকরাম নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
মঙ্গলবার সকাল সাতটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বিড়ালদহ মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরামের বাড়ি রাজশাহীর সরদা থানাপাড়া এলাকায়। তিনি পেশায় একজন দর্জি ছিলেন এবং বিড়ালদহ মাজার সংলগ্ন এলাকায় তাঁর একটি টেইলার্সের দোকান ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নাস্তা শেষে রাস্তা পার হওয়ার সময় নাটোরগামী দুটি বালুবাহী ডাম্প ট্রাক দ্রুতগতিতে চলছিল। এ সময় একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে বেশ কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। তারা মহাসড়ক অবরোধ করে দুটি ডাম্প ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থলের ভিডিও ধারণকারীদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নিয়ে ভাঙচুর করা হয় এবং কিছু ফোন আগুনে পুড়িয়ে ফেলা হয়। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় শুরুতে উত্তেজিত জনতার সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়। পরে পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন