রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মো. শাকিল আহামাদ
জেলা প্রতিনিধি, আমার সকাল ২৪
রাজশাহী
রাজশাহীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জেলা মহিলা দল বিভিন্ন কর্মসূচি পালন করে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেলে নগরীর আলুপট্টি মোড় থেকে আনন্দ মিছিল বের করেন মহিলা দলের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেববাজার বড় মসজিদসংলগ্ন মুনলাইট কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ এমপি। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও নজরুল ইসলাম মণ্ডল, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এখন দেশ গঠনের সময়। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন। দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তিনি বলেন, নারীদের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। দেশের রাজনীতিতে নারীদের আরও শক্তিশালী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মহিলা দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।