রাজধানীর যানজট নিরসনে ৪ মাসের মধ্যে ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপলোডের সময় : Monday, August 31, 2026,

রাজধানীর যানজট নিরসনে ৪ মাসের মধ্যে ইটিসি সিস্টেম চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার ও স্লিপার বাসের চলাচলের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট পরিস্থিতি, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস এবং পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় দ্রুত ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য একটি অ্যাপ ডেভেলপমেন্টসহ আগামী চার মাসের মধ্যে পুরো কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের দীর্ঘদিনের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগের প্রতিবেদন পর্যালোচনা করে সুনির্দিষ্ট সুপারিশসহ আগামী ১৫ দিনের মধ্যে নতুন প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রাজধানীর কেন্দ্রীয় অংশে যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে জমি অধিগ্রহণ করে দীর্ঘমেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। পাশাপাশি আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।
গাবতলী বাস টার্মিনালের সক্ষমতা বাড়াতে এর পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ কাজে সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশকে সমন্বিতভাবে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি সচিবালয়ের আশপাশে যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করার সম্ভাব্যতা যাচাই এবং প্রয়োজনে বিকল্প পার্কিং জোন খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঢাকা শহরে ব্যাটারিচালিতসহ বিভিন্ন ধরনের অটোরিকশার চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে।
রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। নির্ধারিত সময়ের মধ্যে এসব সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।