রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মো. মনির হোসেন, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়া স্থানীয় বিএনপি ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়ে মতবিনিময়
বৃক্ষরোপণ কর্মসূচির আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রতিমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের শুভেচ্ছা জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে এসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ দাবি স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার ক্ষেত্রেও অগ্রগতি হয়েছে এবং পরিবেশগত বিষয়ে ইতিবাচক পর্যালোচনা পাওয়া গেছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঠক্রমে এ অঞ্চলের ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।
শাহজাদপুর তাঁতশিল্পের জন্য সুপরিচিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এখানে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে স্থানীয় ঐতিহ্য ও শিল্পের সঙ্গে শিক্ষার একটি কার্যকর সংযোগ তৈরি হবে।
শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বর্তমানে আগের তুলনায় অনেক বেশি গতিশীল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য ইতিবাচক ও ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা, ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং সামগ্রিক পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুন্দর, সুশৃঙ্খল, প্রাণবন্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা সম্ভব।










