মাম্যাচিং জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় বান্দরবানে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

মাম্যাচিং জেলা পরিষদের চেয়ারম্যান হওয়ায় বান্দরবানে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা
স্টাফ রিপোর্টার, বান্দরবান: সুকেল তঞ্চঙ্গ্যা
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মিসেস মাম্যাচিং মার্মাকে দায়িত্ব দেওয়ায় বান্দরবানে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
রোববার (২৩ আগস্ট) দুপুরে জেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে মাম্যাচিং মার্মাকে গণসংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মিসেস মাম্যাচিং মার্মা। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য লুসাই মং মার্মা, মো. আবিদুর রহমান, মো. শাহাদাত হোসেন জনি, চনুমং মার্মা, অ্যাডভোকেট নুমেচিং মার্মা, মো. আলমগীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত সদস্য মো. জসিম উদ্দিন তুষার। এ ছাড়া জেলার সাতটি উপজেলা ও দুই পৌরসভার অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অভিজ্ঞ রাজনীতিক মাম্যাচিং মার্মাকে জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ায় পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে। তাঁর নেতৃত্বে বান্দরবানে শান্তি, সম্প্রীতি ও সমন্বিত উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
বক্তারা আরও বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনকল্যাণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে বান্দরবানকে আরও উন্নত ও সমৃদ্ধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে নতুন চেয়ারম্যানের নেতৃত্বকে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ২০ আগস্ট পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মিসেস মাম্যাচিং মার্মাকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়। নতুন পরিষদে চেয়ারম্যান ছাড়াও আরও ১৪ জন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে।
রাজনৈতিক জীবনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন মাম্যাচিং মার্মা এর আগেও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।