মাগুরায় ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষে আধুনিক পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরা প্রতিনিধি:
মাগুরায় ব্র্যাক নার্সারির উদ্যোগে আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) যশোরের ব্র্যাক লার্নিং সেন্টারে দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মোট ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম।
কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।
এ সময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কৌশল সম্পর্কেও বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণে অংশ নেওয়া শ্রীপুর উপজেলার দেবিনগর গ্রামের কৃষক স্বপ্না বিশ্বাস বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে পোকামাকড় দমনসহ বিভিন্ন বিষয়ে নতুন তথ্য জানা গেছে, যা কৃষি কাজে ভালো ফলন পেতে সহায়ক হবে।
গোবিন্দপুর গ্রামের কৃষক দিপেন্দ্রনাথ জানান, কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় অনেক সময় কৃষকরা হতাশ হয়ে পড়েন। তবে এ প্রশিক্ষণ থেকে পাওয়া নতুন জ্ঞান ভবিষ্যতে কৃষিকাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
দুর্গাপুর গ্রামের কৃষক মো. সাজ্জাদ মোল্লা বলেন, ব্র্যাক নার্সারির এ উদ্যোগ কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা তাদের আরও অধিক চাষাবাদে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে ব্র্যাক লার্নিং সেন্টার অপারেশনের সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশন) জহিরুল ইসলাম এবং মাগুরা ব্র্যাক নার্সারি ম্যানেজার মো. মাজহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, সঠিকভাবে রোগবালাই নিয়ন্ত্রণ, উপযুক্ত রাসায়নিক প্রয়োগ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।