মহাখালী বাস টার্মিনালে চালু হলো নতুন পার্কিং স্থান, প্রধান সড়ক এখন যানজটমুক্ত
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

মহাখালী বাস টার্মিনালে চালু হলো নতুন পার্কিং স্থান, প্রধান সড়ক এখন যানজটমুক্ত
জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা
মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে প্রায় ৮০টি বাস রাখার ধারণক্ষমতাসম্পন্ন নতুন একটি পার্কিং স্থান উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় মহাখালী বাস টার্মিনালের সম্প্রসারণ হিসেবে নির্ধারিত স্থানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এখন থেকে টার্মিনালের বাসগুলো প্রধান সড়কে পার্ক না করে নির্ধারিত পার্কিং স্থানে রাখা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, মহাখালী বাস টার্মিনালের সামনের প্রধান সড়কে দীর্ঘদিন ধরে বাস দাঁড়িয়ে থাকায় স্থায়ী যানজট সৃষ্টি হতো। এতে সাধারণ যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়েছিল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় গত তিন মাসের ধারাবাহিক কার্যক্রমের ফলে এ পরিবর্তন আনা সম্ভব হয়েছে। এখন থেকে টার্মিনালের সামনের প্রধান সড়কে কোনো বাস দাঁড়াতে দেওয়া হবে না। পাশাপাশি টার্মিনালের অভ্যন্তরেও শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য সরকার, সংসদ সদস্য এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান ডিএমপি কমিশনার।
অনুষ্ঠানে পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।