মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী
ঢাকা, ১০ আগস্ট: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, “মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না। যে শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করেছে, সে অনুযায়ীই পরীক্ষায় ফল পেয়েছে।”
সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, এবার শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, খাতা পুনর্নিরীক্ষণের বিষয়ে আইন সংশোধন করা হয়েছে। এখন আবেদনকারী শিক্ষার্থীদের সম্পূর্ণ উত্তরপত্র পুনঃপরীক্ষণ করা হবে এবং কোনো ভুল-ত্রুটি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
৩১২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়ে তিনি বলেন, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আগামী বছরের এসএসসি পরীক্ষার সময়সূচি সম্পর্কে শিক্ষামন্ত্রী জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। ভবিষ্যতে পরীক্ষার সময় আরও এগিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ৬৪ দশমিক ০৫ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৫৮ দশমিক ২০ শতাংশ পাস করেছে।
সব শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।










