মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান সৌদি আরবে
- আপলোডের সময় : Wednesday, September 16, 2026,

মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান সৌদি আরবে
ডেস্ক রিপোর্ট
আমার সকাল ২৪
আন্তর্জাতিক
সৌদি আরবের মদিনা অঞ্চলে আনুমানিক ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে দেশটি। সৌদি আরবের খনিজ সম্পদ ও বেসামরিক পারমাণবিক জ্বালানি কর্মসূচির জন্য এ আবিষ্কারকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনের বরাত দিয়ে গালফ বিজনেস জানিয়েছে, সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে এ তথ্য জানান।
সৌদি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মদিনায় শনাক্ত করা খনিজ পদার্থে ইউরেনিয়ামের পাশাপাশি বিরল মাটির উপাদানও রয়েছে। দেশটির দাবি, উন্নয়নের পর্যায়ে থাকা উল্লেখযোগ্য খনিজ সম্পদের মধ্যে এটি অন্যতম।
অর্থনীতিতে বৈচিত্র্য আনার পরিকল্পনার অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে তেলনির্ভরতা কমিয়ে খনিজ খাত সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। একই সঙ্গে দেশটি বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি গড়ে তোলার পরিকল্পনাও করছে।
সৌদি আরবে বিদ্যুতের চাহিদা ক্রমেই বাড়ছে। এ চাহিদা পূরণে পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে অভ্যন্তরীণ তেলের ব্যবহার কমাতে চায় দেশটি। এর সঙ্গে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যও রয়েছে।
সৌদি কর্মকর্তারা বলছেন, বাণিজ্যিকভাবে উত্তোলন সম্ভব হলে মদিনার ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিক দেশটির পারমাণবিক জ্বালানির অভ্যন্তরীণ উৎস হিসেবে ব্যবহারের সুযোগ তৈরি হবে। এতে পারমাণবিক জ্বালানি উৎপাদনের কাঁচামালের জন্য বিদেশের ওপর নির্ভরতা কমতে পারে।
ইউরেনিয়ামের পাশাপাশি গত কয়েক বছর ধরে বিরল মাটির উপাদান, লিথিয়ামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খনিজের সন্ধানে ভূতাত্ত্বিক অনুসন্ধান চালাচ্ছে সৌদি আরব। আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ সঞ্চয় ও নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য এসব খনিজকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।