মতলব দক্ষিণে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার
- আপলোডের সময় : Saturday, August 29, 2026,

মতলব দক্ষিণে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেপ্তার
মো. সাইফুল ইসলাম লিংকন
বিশেষ প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক মাদকবিরোধী অভিযানে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও উপজেলা প্রশাসন। অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয় এবং অপর দুইজনকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে মতলব দক্ষিণ থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিকের নির্দেশনায় এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৮ আগস্ট সন্ধ্যায় উপজেলার নারায়ণপুর বাজারে অভিযান চালায় পুলিশ। এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পদ্মা ব্যাংক সংলগ্ন সড়ক থেকে ৫ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—রসুলপুর গ্রামের মৃত নুরুজ্জামান সরকারের ছেলে মো. মোজাম্মেল সরকার (৪৮) এবং তেলি মাছুয়া গ্রামের মৃত হানিফ মিয়াজীর ছেলে হাবিবুর রহমান মিয়াজী (৩৫)।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মতলব দক্ষিণ থানায় মামলা (নং-৩৪) দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়। থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে পুলিশ জানায়, মোজাম্মেল সরকারের বিরুদ্ধে এর আগে আরও তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, ২৯ আগস্ট মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ঘিলাতলী গ্রামের তামজিদ মিয়া (২৮) ও তেলিমাছুয়াখাল গ্রামের মো. দেলোয়ার হোসেন (২৬)-কে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত মোবাইল কোর্টে উভয়কে এক মাস করে কারাদণ্ড এবং ২০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, মাদকবিরোধী বিশেষ ও যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









