মঠবাড়িয়ায় ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, আইনি ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার
- আপলোডের সময় : Wednesday, August 26, 2026,

মঠবাড়িয়ায় ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা, আইনি ব্যবস্থা নিয়ে উদ্বিগ্ন পরিবার
স্টাফ রিপোর্টার: মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়ায় ১৪ বছর বয়সী এক কিশোরী চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী কিশোরীর দিনমজুর বাবা ও পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা দেখা দিয়েছে।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ, উপজেলার তুষখালী ইউনিয়নের পশ্চিম ছোট মাছুয়া গ্রামে সম্প্রতি এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, প্রতিবেশী শাহিন হাওলাদার প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তবে স্থানীয় কয়েকজনের দাবি, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে স্বাধীনভাবে কোনো তদন্ত এখনো হয়নি।
পরিবারটির অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন চাপের কারণে তারা কিশোরীকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। তবে এ অভিযোগেরও স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে কিশোরীর বাবা বলেন, তারা দরিদ্র মানুষ এবং আইন-কানুন সম্পর্কে তেমন ধারণা নেই। স্থানীয় সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য সগীর হাওলাদার যেভাবে বিষয়টি সমাধান করবেন, তার ওপরই তারা ভরসা করেছিলেন।
এ বিষয়ে সগীর হাওলাদার বলেন, “এ ধরনের সংবেদনশীল ও গুরুতর অভিযোগ স্থানীয়ভাবে মীমাংসার বিষয় নয়। আমি ভুক্তভোগী পরিবারকে সরাসরি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছি।”
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে কিশোরীর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করারও দাবি জানিয়েছে পরিবার।









