মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, উদ্ধার দুটি অবিস্ফোরিত ককটেল
- আপলোডের সময় : Thursday, September 10, 2026,

মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, উদ্ধার দুটি অবিস্ফোরিত ককটেল
পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের মিঠাখালী আলম বাজারে বিএনপির একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়টিতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের।
জানা গেছে, কার্যালয়ে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ার ও একটি এলইডি টেলিভিশন ভাঙচুর করা হয়েছে। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা কার্যালয়ের শাটারের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই মঠবাড়িয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি ভাঙা প্লাস্টিকের চেয়ার, একটি ভাঙা এলইডি টেলিভিশন, একটি তালা এবং লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী বলেন, রাতে তারা ঘটনাটি জানতে পারেন। পরে প্রশাসনকে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।