মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত
- আপলোডের সময় : Wednesday, September 2, 2026,

মঠবাড়িয়ায় পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত
স্টাফ রিপোর্টার: মো. নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় দীর্ঘদিনের পানি সংকট নিরসনে নতুন বিদ্যুৎ লাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোল্টেজ স্বল্পতার কারণে পৌরসভার পানি উত্তোলন পাম্পগুলো পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব না হওয়ায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির সংকটে ভুগছেন পৌরবাসী।
সংকট নিরসনে আগামী সাত দিনের মধ্যে নতুন বিদ্যুৎ লাইন ও প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বি এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আমিনুল ইসলাম সুমনের মধ্যে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পৌরসভার পানি উত্তোলন ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন ভোল্টেজ না থাকায় পানি উত্তোলন পাম্পগুলো স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। এতে পৌরবাসীর দৈনন্দিন জীবনে ভোগান্তি সৃষ্টি হচ্ছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ আগামী এক সপ্তাহের মধ্যে পৃথক নতুন বিদ্যুৎ লাইন স্থাপন এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম সংযোজনের প্রতিশ্রুতি দিয়েছে।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. আতাউর রাব্বি বলেন, “পৌরবাসীর দীর্ঘদিনের পানি সংকট নিরসনে প্রশাসন কাজ করে যাচ্ছে। আশা করছি, খুব দ্রুতই এ সমস্যার স্থায়ী সমাধান হবে।”
নতুন বিদ্যুৎ লাইন চালু হলে ভোল্টেজের সমস্যা দূর হয়ে পৌরসভার পানি উত্তোলন পাম্পগুলো স্বাভাবিকভাবে চালানো সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। এতে পৌরবাসীর দীর্ঘদিনের সুপেয় পানির সংকট অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।










