মঠবাড়িয়ায় টেকনিক্যাল কলেজের রাস্তা পাকাকরণে ৩ লাখ টাকার কাজ বাস্তবায়ন
- আপলোডের সময় : Monday, August 24, 2026,

মঠবাড়িয়ায় টেকনিক্যাল কলেজের রাস্তা পাকাকরণে ৩ লাখ টাকার কাজ বাস্তবায়ন
স্টাফ রিপোর্টার | মোঃ নাইম
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এম এম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের রাস্তা পাকাকরণে ৩ লাখ টাকার উন্নয়নকাজ বাস্তবায়ন করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মিরুখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে এ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়।
প্রকল্পটির সভাপতি হিসেবে কাজটি বাস্তবায়নের দায়িত্ব পালন করেন স্থানীয় ইউপি সদস্য মনির হাওলাদার।
খোঁজ নিয়ে জানা গেছে, কলেজটিতে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের টেন্ডার হওয়ার পর এবং নির্মাণকাজ শেষ হওয়ার আগেই কলেজ চত্বরে রাস্তা নির্মাণের জন্য ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভবন নির্মাণকাজ শেষ হওয়ার আগে একই স্থানে রাস্তা পাকাকরণের জন্য বরাদ্দ দেওয়া হলে ভবিষ্যতে নির্মাণকাজের কারণে রাস্তাটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
স্থানীয়দের মতে, ভবন নির্মাণকাজ শেষ হওয়ার পর রাস্তা পাকাকরণের উদ্যোগ নেওয়া হলে সরকারি অর্থের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হতো। অন্যদিকে, বরাদ্দের অর্থ আপাতত কাঁচা রাস্তা ইট সোলিংসহ অন্য কোনো প্রয়োজনীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হলে তা অধিক কার্যকর হতে পারত।
তবে প্রকল্পের সভাপতি মনির হোসেন বলেন, রাস্তার কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। কাজ চলাকালে সংশ্লিষ্ট অফিসের লোকজনের তদারকির মাধ্যমেই কাজ সম্পন্ন হয়েছে।









