মঠবাড়িয়া উপজেলাে একটি বেসরকারি হাসপাতালে নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসা অবহেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার হাসপাতাল রোড এলাকার ‘টপটেন জেনারেল হাসপাতাল’-এ ঘটেছে বলে জানিয়েছে পরিবার।
পরিবারের দাবি, আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা ফেরদৌসী বেগম প্রসূতি অবস্থায় হাসপাতালে ভর্তি হন এবং পরে একটি পুত্র সন্তানের জন্ম দেন। জন্মের পর শিশুটি সুস্থ থাকলেও দুই দিন পর হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
স্বজনদের অভিযোগ, শিশুটির নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হলে হাসপাতাল কর্তৃপক্ষ একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে বলেন। পরে শিশুটিকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নেওয়া হলে দ্রুত জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এরপর শিশুটির মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছে, নবজাতক জন্মের পর স্বাভাবিক ছিল এবং অসুস্থ হয়ে পড়ার পরপরই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
স্থানীয় চিকিৎসক জানান, শিশুটিকে তার কাছে আনার সময়ই অবস্থা সংকটাপন্ন ছিল। পরিস্থিতি গুরুতর হওয়ায় দ্রুত জরুরি বিভাগে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
এ ঘটনায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।