ভৈরবপাশায় চেয়ারম্যান পদে বশিরের গণসংযোগ, তৃণমূলে বাড়ছে আলোচনা
- আপলোডের সময় : Sunday, August 30, 2026,

ভৈরবপাশায় চেয়ারম্যান পদে বশিরের গণসংযোগ, তৃণমূলে বাড়ছে আলোচনা
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি: মো. সাব্বির আহমেদ
ঝালকাঠির নলছিটি উপজেলার ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করেছেন মোহাম্মদ আজিজুর রহমান বশির। দলীয় সমর্থন প্রত্যাশী বশির ষাইটপাকিয়া বাজার থেকে তাঁর গণসংযোগ কার্যক্রম শুরু করেন।
প্রথম দিনের কর্মসূচিতে ষাইটপাকিয়া বাজার থেকে শুরু করে ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকায় যান আজিজুর রহমান বশির। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ইউনিয়নের বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে তাঁদের মতামত শোনেন। তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজিজুর রহমান বশির ঝালকাঠি উপজেলা বিএনপির সহসভাপতি, ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন বিএনপির সদস্য, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি ও সাবেক আহ্বায়ক, ঝালকাঠি জিয়া মঞ্চের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে। তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানান, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ১ নম্বর ভৈরবপাশা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. শহীদুল ইসলাম খান, ৪ নম্বর প্রেমহার ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বাসেদ হাওলাদার এবং ৭ নম্বর ষাইটপাকিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলীসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি
আজিজুর রহমান বশির বলেন, “দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রামে থাকার চেষ্টা করেছি। এখন ভৈরবপাশা ইউনিয়নের মানুষের পাশে থেকে তাঁদের সেবা করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে কাজ শুরু করেছি। বিএনপির কাছে আমি দলীয় সমর্থন প্রত্যাশা করছি।”
তিনি আরও বলেন, “দলীয় সমর্থন ও জনগণের ভালোবাসা পেলে ভৈরবপাশার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নাগরিক সেবার উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব। ইউনিয়ন পরিষদকে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সেবার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই।”
এদিকে প্রথম দিনের গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন তাঁর সমর্থকেরা। তাঁদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগের কারণে আজিজুর রহমান বশিরকে ঘিরে তৃণমূল পর্যায়ে আগ্রহ তৈরি হয়েছে।
তবে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন বা মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়েই প্রার্থিতার বিষয়টি চূড়ান্ত হবে।










