
ব্যাংক হলিডে আজ, বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন
অর্ধবার্ষিক হিসাব সমাপনী উপলক্ষে আজ বুধবার (১ জুলাই) সারাদেশে পালিত হচ্ছে ‘ব্যাংক হলিডে’। এ কারণে দেশের সব তফশিলি ব্যাংকের শাখায় গ্রাহকদের জন্য সব ধরনের ব্যাংকিং লেনদেন বন্ধ রয়েছে। একই সঙ্গে আজ বন্ধ থাকবে দেশের শেয়ারবাজারের লেনদেনও।
তবে বাংলাদেশ ব্যাংক, তফশিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে। এসব কার্যালয়ে কেবল প্রশাসনিক কার্যক্রম, হিসাব-নিকাশ ও আর্থিক প্রতিবেদন প্রস্তুতের কাজ চলবে। গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতি বছরের ১ জুলাই অর্ধবার্ষিক (Half-Year Closing) হিসাব সমাপনের জন্য ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের আর্থিক হিসাব চূড়ান্ত করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে ব্যাংকগুলো।
এ কারণে আজ কোনো ব্যাংক শাখা থেকে টাকা জমা বা উত্তোলন করা যাবে না। এছাড়া চেক নিষ্পত্তি, ডিমান্ড ড্রাফট, পে-অর্ডারসহ শাখাভিত্তিক সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
তবে গ্রাহকদের জন্য এটিএম বুথ, ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) স্বাভাবিকভাবে চালু থাকবে। তবে আন্তঃব্যাংক নিষ্পত্তিনির্ভর কিছু সেবা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের বিধান অনুযায়ী প্রতিবছর ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়। এ দুই দিনে গ্রাহক পর্যায়ের লেনদেন বন্ধ রেখে ব্যাংকগুলো অভ্যন্তরীণ হিসাব-নিকাশ, আর্থিক প্রতিবেদন প্রস্তুত এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।