বোচাগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, একজন যুবলীগ নেতা
- আপলোডের সময় : Sunday, August 23, 2026,

বোচাগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ দুই ভাই গ্রেপ্তার, একজন যুবলীগ নেতা
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল২৪, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পঞ্চগড় পৌর যুবলীগের সভাপতি ও ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসনাত মো. হামিদুর রহমান (৩৮) এবং তাঁর ছোট ভাই নিষিদ্ধ ছাত্রলীগের জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক হাবিবুর রহমান শিশিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, উপজেলার নাফানগর ইউনিয়নের সেনিহারী গ্রামের কুন্দুরা সেতু এলাকায় জরুরি আইনশৃঙ্খলা দায়িত্ব পালন করছিলেন থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক ও তাঁর সঙ্গীয় ফোর্স। এ সময় দুই ভাইয়ের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাঁদের আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাঁদের কাছ থেকে ৩০টি কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের হিসাবে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রতি পিস ৩০০ টাকা হিসেবে মোট ৯ হাজার টাকা।
গ্রেপ্তার হাসনাত ও শিশির পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার বাসিন্দা। তাঁরা ওই এলাকার মোকলেছুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, হাসনাতের বিরুদ্ধে পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ থানায় বিএনপি অফিস ভাঙচুর, সন্ত্রাসবিরোধী আইন, জুলাই আন্দোলনে ইজিবাইকচালক আল আমিন হত্যা ও গুমসহ জুলাই অভ্যুত্থান-সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। তাঁর ভাই শিশিরের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় বোচাগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করেছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই সুমন কুমার সরকারকে।
পুলিশের ভাষ্য, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে দুই ভাই নিজেদের হেফাজতে রেখেছিলেন।
বোচাগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘এই দুই ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলার বিষয়টি আমরা জানতে পেরেছি। মাদকের মামলায় তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’
পঞ্চগড় সদর থানার ওসি মোকলেছুর রহমান বলেন, দুই ভাইকে গ্রেপ্তারের বিষয়টি জানার পর তাঁদের বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য বোচাগঞ্জ থানায় বেতার বার্তার মাধ্যমে জানানো হয়েছে। পরবর্তী সময়ে পঞ্চগড়ের মামলাগুলোতে তাঁদের শোন অ্যারেস্ট দেখিয়ে পঞ্চগড়ে নেওয়া হবে।









