বোচাগঞ্জে ভেজাল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বোচাগঞ্জে ভেজাল কীটনাশক জব্দ, ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪, দিনাজপুর
দিনাজপুরের বোচাগঞ্জে ভেজাল কীটনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৭ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৪ বোতল ভেজাল কীটনাশক জব্দ করে ধ্বংস করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে সেতাবগঞ্জ পৌর শহরের মাদরাসা রোডের বড় মসজিদ সংলগ্ন মেসার্স ফয়সাল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মিমপেক্স কোম্পানির ‘এমিস্কোর’ ব্র্যান্ডের ৩৪ বোতল কীটনাশক ভেজাল হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনায় মেসার্স ফয়সাল ট্রেডার্সের স্বত্বাধিকারী ওমর ফারুককে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
জব্দ করা ৩৪ বোতল ভেজাল কীটনাশক খোলা মাঠে গর্ত করে মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভেজাল কীটনাশক বিক্রি না করার জন্য ব্যবসায়ীকে মৌখিকভাবে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানকালে বোচাগঞ্জ উপজেলা কৃষি বিভাগের সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দীনেশ চন্দ্র রায় এবং মিমপেক্স কোম্পানির বিক্রয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ তানভী শোভন বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”









