বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি
- আপলোডের সময় : Monday, August 10, 2026,

বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি
ভারতের তরুণ প্রতিভাবান ক্রিকেটার বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে গত এক বছরে নানা সময়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠে তার ব্যাটিং, আত্মবিশ্বাস ও আগ্রাসী ক্রিকেট সেই বিতর্ককে অনেকটাই ছাপিয়ে গেছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি সাবেক পেসার ব্রেট লি মনে করেন, বৈভবের বয়স ১৫, ১৬, ১৭ বা ১৮—যাই হোক না কেন, সেটি মূল বিষয় নয়; গুরুত্বপূর্ণ হলো তার অসাধারণ ক্রিকেটীয় প্রতিভা।
একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ব্রেট লি বলেন, ভারতের বাইরে এখনও অনেকেই বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তোলেন। তবে তিনি এসব বিতর্কে গুরুত্ব দিতে রাজি নন।
লি বলেন, “ভারতের বাইরে অনেকেই এখনও প্রশ্ন করেন, ও সত্যিই ১৫ বছরের কি না। কিন্তু ওর বয়স কত, সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। ১৫ হলে দারুণ, ১৭ বা ১৮ হলেও কী এসে যায়? এই ছেলে ক্রিকেট খেলতে পারে। ভারতের জন্য ও দারুণ এক আবিষ্কার এবং ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য অর্জন করবে।”
আইপিএলে বৈভবের পারফরম্যান্সেরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন ব্রেট লি। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তার ৯৭ রানের ইনিংসটি আলাদা করে উল্লেখ করেন তিনি। লির মতে, অস্ট্রেলিয়ার বোলারদের বিপক্ষে বৈভব যেভাবে নির্ভীকভাবে হুক ও পুল শট খেলেছে, তা তার আত্মবিশ্বাস ও প্রতিভার বড় প্রমাণ।
তিনি বলেন, “ও খুবই অসাধারণ। অল্প সময়ের মধ্যেই আইপিএলে নিজের ছাপ ফেলেছে। হায়দরাবাদের বিপক্ষে ৯৭ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার বোলারদের যেভাবে খেলেছে, তা অবিশ্বাস্য। ওরা জোরে বল করছিল, আর বৈভব নাকের সামনে আসা বলও হুক করে মাঠের বাইরে পাঠাচ্ছিল। ও সঠিক ক্রিকেটীয় শট খেলছে এবং কোথা থেকে যেন অসাধারণ শক্তি খুঁজে বের করছে।”
তবে বৈভবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ব্যাটিং নয়, বরং মানসিক চাপ সামলানো—এমনটাই মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা। তিনি সবাইকে তরুণ এই ক্রিকেটারের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ না দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ব্রেট লি বলেন, “ওর ফর্ম বা ব্যাটিং নিয়ে সমস্যা হবে না। সমস্যা হতে পারে শুধু ওর মন নিয়ে। ও এখনও বাচ্চা। ওকে বাচ্চা হিসেবেই থাকতে দিন। ওর ওপর খুব বেশি চাপ দেবেন না।”
বৈভবের মতো দুর্দান্ত হুক ও পুল খেলতে পারা ব্যাটারের বিপক্ষে নিজে বোলিং করলে কী পরিকল্পনা করতেন, সেটিও জানিয়েছেন লি। তার মতে, এমন ব্যাটারের সঙ্গে লড়াই করাই একজন ফাস্ট বোলারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, “কেউ যদি খুব ভালো হুক বা পুল করতে পারে, সেটা আমি বরং পছন্দ করতাম। কারণ তখন বিষয়টা একটা প্রতিযোগিতায় পরিণত হয়। আমি ড্রেসিংরুমে গিয়ে পরিকল্পনা করতাম, ভিডিও দেখতাম এবং ওর শরীরের দিকে বল করার চেষ্টা করতাম। হয়তো ও আমাকে ছক্কাও মারত, কিন্তু তাতে আমি নিরুৎসাহিত হতাম না। আবারও একই জায়গায় বল করতাম।”
বৈভব সূর্যবংশীর বয়স নিয়ে বিতর্ক থাকলেও ব্রেট লির বার্তা একেবারেই স্পষ্ট—বয়সের অঙ্ক নয়, ক্রিকেট মাঠে তার প্রতিভা, সাহসী ব্যাটিং এবং পারফরম্যান্সই হওয়া উচিত আলোচনার মূল বিষয়।










