বেলকুচিতে পানসি ও কোষা নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

বেলকুচিতে পানসি ও কোষা নৌকা বাইচের ফাইনাল অনুষ্ঠিত
মনজুরুল ইসলাম | সিরাজগঞ্জ প্রতিনিধি
গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীতে পানসি ও কোষা নৌকা বাইচের ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তিন দিনব্যাপী এ আয়োজনে কোষা নৌকা বিভাগে প্রথম স্থান অর্জন করে ‘আল্লাহ ভরসা’ (গাবসাড়া) এবং পানসি নৌকা বিভাগে প্রথম হয় ‘নিউ শাড়ীর ভিটা’।
বেলকুচির মুকুন্দগাঁতী ও ক্ষিদ্রমাটিয়া গ্রামবাসীর আয়োজনে এবং ঢাকা ব্যাংক পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পূর্বানী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুল ইসলাম সরকার সোহেল, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, বেলকুচি সার্কেলের পুলিশ কর্মকর্তা শহিদুল ইসলাম এবং বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক।
আয়োজকরা জানান, টানা চতুর্থবারের মতো ঢাকা ব্যাংক পিএলসি এ নৌকা বাইচের পৃষ্ঠপোষকতা করেছে। ভবিষ্যতেও এ আয়োজনের ধারা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।
নৌকা বাইচকে কেন্দ্র করে বেলকুচির নদীতীরজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের অসংখ্য মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে নদীর তীরে সমবেত হন। প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, তিন দিনব্যাপী প্রতিযোগিতায় ১৮টি পানসি ও ১৬টি কোষা নৌকা অংশ নেয়। প্রায় ৩ হাজার বাইছাল ও মাঝির অংশগ্রহণে সারি ও ভাটিয়ালি গানের পাশাপাশি বিভিন্ন নৌকায় সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
সংশ্লিষ্টরা মনে করেন, বাংলার লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচের এ আয়োজন স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতিকে আরও সুদৃঢ় করবে। একই সঙ্গে দেশীয় ঐতিহ্য সংরক্ষণ এবং মানুষের মধ্যে আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।