বিশাল বহর নিয়ে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন শি চিন পিং
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বিশাল বহর নিয়ে সেপ্টেম্বরে দিল্লি যাচ্ছেন শি চিন পিং
চীনের প্রেসিডেন্ট শি চিন পিং আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। এ সফর নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সংশ্লিষ্ট একাধিক কূটনৈতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ব্রিকস সম্মেলনে অংশ নেওয়াই সফরের আনুষ্ঠানিক উদ্দেশ্য হলেও আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাত বছর পর শি চিন পিংয়ের ভারত সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে দুই দেশের সম্পর্কের উন্নয়ন ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা।
ধারণা করা হচ্ছে, শি চিন পিং অন্তত ৪০০ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ২০১৯ সালে সর্বশেষ ভারত সফরের সময় তার সঙ্গে প্রায় ২০০ সদস্যের প্রতিনিধিদল ছিল।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ব্রিকসের মূল এজেন্ডার পাশাপাশি সম্মেলনের সাইডলাইনে চীন ও ভারতের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে ২০২০ সালের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন তৈরি হয়েছে, তা কমাতে এবারের সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শি চিন পিংয়ের সফর সম্পর্কে অবগত এক ভারতীয় কর্মকর্তা জানিয়েছেন, চীনা কর্মকর্তারা ইতোমধ্যে দিল্লিতে প্রেসিডেন্টের থাকার জন্য হোটেল নির্ধারণ এবং নিরাপত্তা-সংক্রান্ত প্রোটোকল চূড়ান্ত করার কাজ করছেন।
সাত বছর পর শি চিন পিংয়ের ভারত সফর তাই শুধু ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরির ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।









