বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের
- আপলোডের সময় : Tuesday, August 25, 2026,

বিরোধীদলকে সহিংস না হয়ে জনগণের প্রয়োজনে রাজপথে থাকার পরামর্শ সম্পাদকদের
গণতন্ত্রের উত্তরণে দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালনে সহযোগিতা করতে সম্পাদকদের প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে বিরোধী দলকে সহিংসতা পরিহার করে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক বিরোধিতা এবং জনগণের প্রয়োজন হলে রাজপথে থাকার পরামর্শ দিয়েছেন বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব আলোচনা হয়।
মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, সংসদকে কার্যকর রাখতে এবং সব কর্মকাণ্ডের মূল জায়গা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী। কার্যকর ও দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে তারা আগ্রহী। তবে এজন্য সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারকে সহযোগিতা করা হচ্ছে। তবে ‘হাও ফার, হাও লং?’—এমন প্রশ্নও রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণকে তিনি একটি প্রতিবাদ হিসেবেও উল্লেখ করেন।
মতবিনিময় সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদে বিরোধী দলের ভূমিকা, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও প্রশ্নোত্তর হয়।
সভায় অংশ নেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান, যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, মানবকণ্ঠের মোহাম্মদ শহিদুল ইসলাম, এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, ভোরের ডাক সম্পাদক কে এম বেলায়েত হোসেন, আজকের পত্রিকা সম্পাদক কামরুল হাসান, দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন সম্পাদক গিয়াস উদ্দিন, করতোয়ার মোজাম্মেল হক, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন, খোলা কাগজ সম্পাদক আহসান হাবীব এবং দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সভায় দেশের বর্তমান পরিস্থিতি এবং সংসদ ও সংসদের বাইরে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর দায়িত্বশীল ভূমিকার বিষয়গুলো তুলে ধরেছেন বিরোধীদলীয় নেতা।
তিনি বলেন, ভালো কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ—এই নীতিতেই জামায়াতে ইসলামী রয়েছে। তবে এ বিরোধিতা হবে গঠনমূলক ও নিয়মতান্ত্রিক।
গোলাম পরওয়ার জানান, সম্পাদকরা বিরোধী দলকে রাজপথে সহিংসতা না করে গঠনমূলক বিরোধিতা করার পরামর্শ দিয়েছেন। জনগণের দাবি নিয়ে প্রয়োজন হলে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে থাকার কথাও বলেছেন তারা।
তিনি বলেন, সম্পাদকরা পরামর্শ দিয়েছেন—বিরোধিতা করতে হবে, তবে আগের বিরোধী দলগুলোর মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশকে অস্থিতিশীল করা যাবে না। এ বিষয়ে কোনো কোনো সম্পাদক জামায়াতে ইসলামীর আমিরের সহযোগিতাও কামনা করেছেন।
গোলাম পরওয়ার আরও বলেন, দেশের সংবাদমাধ্যমের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো দূরত্ব নেই। ভবিষ্যতেও সুযোগ পেলে সম্পাদকরা তাদের মতামত জানাবেন বলে আশা করা হচ্ছে।
সংসদে সরকারি দল ও বিরোধী দলের এমপিদের মধ্যে উন্নয়ন কাজে বরাদ্দ, বিলিবণ্টন এবং সংসদের ফ্লোরে কথা বলার সুযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের অভিযোগও সভায় তুলে ধরা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিদ্যুৎ-গ্যাস সংকট, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য এবং প্রবাসীদের অধিকার নিয়েও জামায়াতের অবস্থান তুলে ধরা হয়।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে ১১ দলীয় ঐক্য তথা জামায়াতে ইসলামী কোনো ছাড় দেবে না। জনগণের রায়ের সঙ্গে তারা রয়েছে। সংসদে বিষয়টির নিষ্পত্তি হলে ভালো, তা না হলে জনগণের অবস্থানের সঙ্গেই তারা থাকবে।
সভায় জামায়াতের নেতাদের মধ্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আব্দুল হালিম, ড. হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নুরুল ইসলাম বুলবুল এমপি, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।











লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।