বিরলে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত
- আপলোডের সময় : Saturday, August 15, 2026,

বিরলে অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত
সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিনিধি, দিনাজপুর
দিনাজপুরের বিরল উপজেলায় অর্ধবার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ডাইভারসিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইম্প্রুভড ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইন্স) প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। প্রকল্পটিতে আর্থিক সহযোগিতা করছে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট (ইফাদ), গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম এবং বাংলাদেশ সরকার।
দুই দিনব্যাপী কর্মশালায় উপজেলার ১০টি ইউনিয়নের ২০২৬-২৭ অর্থবছরের পুষ্টি কর্মপরিকল্পনার আওতায় পরিচালিত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
কর্মশালায় সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইমাম, নারী উদ্যোক্তা, বাজার কমিটির প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত কর্মশালার দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল ইসলাম।
উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তারের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পার্থ জ্বীময় সরকার এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
বক্তারা পুষ্টি উন্নয়ন, খাদ্য নিরাপত্তা এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।










