নিখোঁজ হওয়ার ছয়দিন পর পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারতের লুধিয়ানা–এর একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাত্র ২৯ বছর বয়সে এই গায়িকার মর্মান্তিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পাঞ্জাবজুড়ে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ মে রাতে ফোর্ড ফিগো গাড়ি নিয়ে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন ইন্দর। গভীর রাত হলেও তিনি আর বাড়ি ফেরেননি। পরে পরিবার অপহরণের আশঙ্কা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। নিখোঁজের ছয়দিন পর একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পরিবারের দাবি, ইন্দরকে হত্যা করেছেন সুখবিন্দর সিং। প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে মোগা জেলার ভালুর গ্রামের বাসিন্দা সুখবিন্দরের সঙ্গে পরিচয় হয় ইন্দরের। পরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে কিছুদিন পর ইন্দর জানতে পারেন, সুখবিন্দর বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। এরপরই তিনি সম্পর্ক থেকে সরে আসেন।
পরিবারের অভিযোগ, বিষয়টি মেনে নিতে পারেননি সুখবিন্দর। তিনি ইন্দরকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ইন্দর সরাসরি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষুব্ধ হয়ে বিভিন্নভাবে তাকে হুমকি দিতে শুরু করেন।
গায়িকার ভাই যতিন্দর সিং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সুখবিন্দর ও তার সহযোগীরা বন্দুকের মুখে ইন্দরকে অপহরণ করে এবং পরে হত্যা করে মরদেহ খালে ফেলে দেয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডের পরিকল্পনা করেই কানাডা থেকে সরাসরি ভারতে না এসে প্রথমে নেপালে যান সুখবিন্দর। পরে সীমান্ত পেরিয়ে পাঞ্জাবে এসে হত্যাকাণ্ড ঘটিয়ে আবার কানাডায় ফিরে যান বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় অপহরণ, হত্যা ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে তদন্ত চালিয়ে যাচ্ছে পাঞ্জাব পুলিশ।